যে ৩ খাবার ভুলেও রাখবেন না আপনার ইফতারে
পবিত্র মাহে রমজানে দীর্ঘ সময় রোজা রাখার পর ইফতারে খাবার গ্রহণের ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন পুষ্টিবিদরা। তাদের মতে, খালি পেটে কিছু নির্দিষ্ট খাবার খেলে তাৎক্ষণিক অ্যাসিডিটি, পেটব্যথা ও বুকে জ্বালাপোড়াসহ নানা শারীরিক সমস্যার ঝুঁকি বাড়তে পারে।
বিশেষজ্ঞরা বলছেন, সারাদিন রোজা রাখার পর ইফতারের সময় অতিরিক্ত ক্ষুধা লাগা স্বাভাবিক। তবে এ সময় হঠাৎ করে কিছু খাবার খেলে হজম প্রক্রিয়ায় নেতিবাচক প্রভাব পড়তে পারে।
সাইট্রাস ফল ও এর তৈরি ঠান্ডা শরবত
পুষ্টিবিদদের মতে, খালি পেটে সাইট্রাস জাতীয় ফল—যেমন কমলালেবু বা মুসুম্বি—খেলে পাকস্থলীতে অ্যাসিডের মাত্রা বাড়তে পারে। এসব ফলে থাকা ফ্রুক্টোজ হজমপ্রক্রিয়াকে মন্থর করতে পারে বলেও তারা জানান। পাশাপাশি ঠান্ডা জুস বা শরবত হজমে বাধা সৃষ্টি করতে পারে এবং সর্দি-কাশির ঝুঁকি বাড়াতে পারে।
চা-কফি
ইফতারের পর চা বা কফি পানের অভ্যাস অনেকেরই রয়েছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘ সময় খালি থাকার পর ভারী খাবারের সঙ্গে চা-কফি গ্রহণ করলে শরীরে অ্যাসিডের পরিমাণ বৃদ্ধি পেতে পারে। এতে রক্তে শর্করার ভারসাম্য বিঘ্নিত হওয়ার পাশাপাশি অগ্ন্যাশয় ও যকৃতের ওপরও চাপ পড়তে পারে।
তৈলাক্ত খাবার
দেশে ইফতারে ভাজাপোড়া খাবার গ্রহণের প্রচলন রয়েছে। তবে দীর্ঘক্ষণ না খেয়ে থাকার পর অতিরিক্ত তৈলাক্ত খাবার গ্যাস, মাথাব্যথা, অবসাদ ও আলসারের মতো সমস্যার কারণ হতে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। নিয়মিত এমন খাবার খেলে স্থূলতা ও দীর্ঘমেয়াদি অন্ত্রের জটিলতার ঝুঁকিও বাড়তে পারে।
পুষ্টিবিদদের পরামর্শ, ইফতারে সুষম ও সহজপাচ্য খাবার বেছে নেওয়া উচিত। খাদ্যতালিকায় খেজুর, দই, সবজি, ইসবগুলের শরবত এবং পরিমিত পরিমাণে পুষ্টিকর খাবার রাখলে তা শরীরের জন্য উপকারী হতে পারে।

Comments
Post a Comment